মো. সিন্টু
চাঁদপুর বাবুরহাট সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকালে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি সরকারি শিশু পরিবারের শিশুদের উদ্দেশে বলেন, মন্ত্রমুগ্ধের মতো তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, খুবই ভালো লাগলো। তোমরা সবসময় হাসি-খুশি ও আনন্দের মধ্যে থাকবে। তোমাদের এখানে যেন আন্তরিক পরিবেশ রয়েছে, তা ধরে রাখবে সবসময়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
বাবুরহাট সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন শহর সমাজসেবার পৌর সমাজকর্মী মো. কামরুজ্জামান।
আলোচনা সভার আগে সরকারি শিশু পরিবারের আয়োজনে ছোট ছোট শিশুদের নিয়ে ডিসপ্লে, নৃত্য ও গানের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
২৩ মার্চ, ২০২১।
