সাংবাদিক এমএ রাজ্জাক মাঝি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। গত সোমবার দিবগত রাত সাড়ে ৩টায় চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মাঝি বাড়ির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। সাংবাদিক এমএ রাজ্জাক স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার (২০ এপ্রিল) বাদজোহর সাংবাদিক এমএ রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার আগে আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমান, বিএনপি নেতা আক্তার হোসেন মাঝি, ৯নং ওয়ার্ড কমিশনার চান্দু মাঝি, সাবেক কমিশনার বিল্লাল হোসেন মাঝি, মরহুমের ভাই মিন্টু মাঝি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, সাংবাদিকসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, এমএ রাজ্জাক সাপ্তাহিক চাঁদপুর সংবাদের (বর্তমানে দৈনিক চাঁদপুর সংবাদ) প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক ছিলেন। তিনি একজন মেধাবী সাংবাদিক হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিকেও কাজ করেন। সাংবাদিকতার দায়িত্ব পালন করার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে সাংবাদিক এমএ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবদুর রহিম বাদশা এবং দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
২১ এপ্রিল, ২০২১।

