
ফরিদগঞ্জ ব্যুরো
দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি ও টিভি-২৪ এর জেলা প্রতিনিধি এমরান হোসেন লিটনের মা সহিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজেউন)। গত শুক্রবার দিবাগত রাত ৩টায় তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এসময় বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বাদজোহর বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ির মসজিদের সামনে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন, জসিম উদ্দিন স্বপন, চাঁদপুর প্রেসক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুনওয়ান কানন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ প্রবীর চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি এমকে মানিক পাঠান, প্রেসক্লাবের প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, মাইটিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন স্বপন, সিবিসি টিভি ও সুদীপ্ত চাঁদপুরের প্রতিনিধি শিমুল হাছান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মহসিন মোল্লা, মরহুমার ছেলে নাছির উদ্দিন, এমরান হোসেন লিটন প্রমুখ। জানাজা পড়ান মসজিদের খতিব নাছির উদ্দিন আহমেদ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক এমরান হোসেন লিটনের মা সহিদা বেগমের মৃত্যুতে দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবার, ফরিদগঞ্জ প্রেসক্লাব এবং ফরিদগঞ্জের সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
