সাংবাদিক নাদিম খুনঃ চাঁদপুরের ৩ সাংবাদিক সংগঠনের নিন্দা

স্টাফ রিপোর্টার
দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট চাঁদপুর জেলা শাখা।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।
এছাড়া ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং ফটো জার্নালিস্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনি পদক্ষেপ গ্রহণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান নেতারা।
এদিকে গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে চাঁদপুর প্রেসক্লাব ও জেলা সদরে কর্মরত সব পর্যায়ের সাংবাদিকদের আহবানে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম চাঁদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলম।
উল্লেখ্য, সাংবাদিক নাদিম বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে। বুধবার (১৪ জুন) অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশিগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনে-হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সেসময় সহকর্মী মুজাহিদ তাদের বাধা দিতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মী মুজাহিদ ও স্থানীয়রা নাদিমকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে পূর্বপরিকল্পিতভাবে হামলা ও খুনের ঘটনা ঘটে।

১৭ জুন, ২০২৩।