সাংবাদিক নিজাম উদ্দীনের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোটার
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ওয়াপদা গেট এলাকায় দৈনিক চাঁদপুর প্রতিদিনের সাংবাদিক এইচএম নিজাম উদ্দীনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় আভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, সাংবাদিক নিজাম উদ্দীনের শ^শুর ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের মাও. মো. মিজানুর রহমান ৬ বছর আগে ওয়াপদা গেট এলাকার মো. মহসীনের মালিকানাধীন রাজ এটারপ্রাইজ থেকে সিএনজি স্কুটার কিনেন। সিএনজি কেনার পর মহসীন রেজিস্ট্রেশন খরচ বাবদ প্রথমে ৫০ হাজার টাকা নেয়। সে কালক্ষেপণ করে রেজিস্ট্রেশন কাগজ মাও. মিজানুর রহমানকে দেয় না। পরবর্তীতে আবার কাগজ দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নেয়। রেজিস্ট্রেশন কাগজ দেয় না। এমনিভাবে ৬ বছর অতিবাহিত হলে গতকাল শনিবার সকাল ১১টয় মাও. মিজানুর রহমান রাজ এন্টারপ্রাইজের মালিক মহসীনকে মোবাইলে তার জমাকৃত গাড়ির ফাইলটি চাইলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। বিষয়টি সাংবাদিক নিজাম জানতে চাইলে মহসীন ও তার ভাই রাজ এন্টারপ্রাইজে আটকে রেখে বেদমভাবে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। তার ডাক-চিৎকারে লোকজন ছুটে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। এসময় সন্ত্রাসীরা নিজামের কাছ থেকে ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওয়াপদা গেট এলাকায় রাজ এটারপ্রাইজের মো. মহসীন সিএনজি স্কুটার বিক্রি করে মানুষের কাছ থেকে রেজিস্ট্রেশন (নম্বর) করে দেয়ার নামে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অথচ ২০১৬ সাল থেকে সিএনজির নম্বর দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার। মহসীন নম্বর করে দেয়ার নামে মানুষদের সাথে প্রতারণা করে যাচ্ছে। শহরে যেখানে বৈধ-অবৈধ সিএনজির জন্য সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে সেখানে প্রতারক মো. মহসীনের সিএনজি বিক্রি বন্ধ নেই। মহসীন তার প্রতারণা ধামাচাপা দেয়ার জন্য সে বিভিন্ন অনলাইনের সাংবাদিকও পরিচয় দিয়ে থাকেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক মাজহারুল ইসলাম অনিক জানান, আমরা কি হয়েছে মাও. মো. মিজানুর রহমানের সাথে তা জানতে গিয়েছিলাম। এমন সময় মহসীন ও তার ভাই ক্ষিপ্ত হয়ে নিজামের উপর হামলা চালায়।
২২ নভেম্বর, ২০২০।