সাবেক সংসদ সদস্য এমএ মতিনের দাফন সম্পন্ন

স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন মহলের শোক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য মরহুম এমএ মতিনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকালে দুই দফা জানাযা শেষে মরহুমের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এমএ মতিন। তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মুন্সী বাড়ির খাঁন সাহেব মরহুম জুনাব আলীর মুন্সীর ছেলে।
বাদআছর মরহুমের নিজ বাড়ির সামনে শারীরিক দূরত্ব মেনে শতাধিক লোকের অংশগ্রহণে মরহুম এমএ মতিনের দুই দফা জানাযা সম্পন্ন হয়। এর আগে জানাযায় মানুষের সমাগম ঠেকাতে পুলিশ তাঁর বাড়ি যাওয়ার প্রতিটি রাস্তারপ্রবেশ পথে অবস্থান নেয়। মহামারি করোনাভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়া এবং টোরাগড় গ্রামেও করোনা সংক্রমিত রোগী থাকায় পুলিশের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে এমএ মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদারসহ জনপ্রতিনিধিবৃন্দ।
এছাড়া শোক জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক মোহন চৌধুরী, সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধাসহ জেলা বিএনপি, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরো শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীসহ সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য, প্রাক্তন সংসদ সদস্য এমএ মতিন গত দুইমাস যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। সবশেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরহুম এমএ মতিন হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের কাছে ‘মতিন স্যার’ হিসেবে খ্যাত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদীয় আসন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ বার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া তিনি উপজেলা চেয়ারম্যান ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে (বর্তমানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ) শিক্ষকতা করেছেন।

২৬ মে, ২০২০।