সুজাতপুর বাজারে ৩ দোকান পুড়ে ছাই

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে গতকাল মঙ্গলবার দুপুর ১টার সময় আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার সময় বাজারের সালাউদ্দিনের সাইকেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত। তবে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্র বলে ধারণা করা হচ্ছে।
সাইকেলের দোকানদার সালাউদ্দিন জানান, আমার দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমি এখন নিঃশ^। পাশের ভেটেরিনারী ঔষধের দোকানদার শাহআলম বলেন, আমার দোকানের ১০ লাখ টাকার মাল পুড়ে শেষ হয়ে গেছে। হার্ডওয়্যারের দোকান মালিক আব্দুল মান্নান বেপারী জানান, তার দোকানের ৬০ লাখ টাকার মালামাল ছিল, যা পুড়ে যায়। এছাড়া আশেপাশের কয়েকটি দোকানের মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আশপাশের প্রায় ১০ জন দোকানদার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে তাদের দোকানের সার্টার ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে গেছে জনতা।
১টার সময় আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দিলে ১ টা ২০ মিনিটে এসে পৌঁছে। মতলব দক্ষিণ থেকে আসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আাশাদুজ্জামান বলেন, আমি খবর পাওয়ার পর তাৎক্ষনিক ১৯ জনের একটি টিম নিয়ে উপস্থিত হই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
পরে খবর পেয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত, থানার ওসি নাসির উদ্দিন মৃধা ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের উপস্থিত হন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।

২০ মে, ২০২০।