সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া

ইলশেপাড় ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। গত সোমবার (১ নভেম্বর) রাতে চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল বলেন, চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।’
শায়রুল আরও বলেন, হাসপাতালের কেবিনে আছেন বিএনপি চেয়ারপার্সন। হাসপাতাল এবং মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন তিনি।
খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তার পাশে রয়েছেন। গত ২৪ অক্টোবর লন্ডন থেকে ঢাকায় আসেন সিঁথি।
গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা উঠানামা করছিল। এর পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। গত সোমবার মেডিকেল বোর্ডের হাতে সেই রিপোর্ট এসে পৌঁছায়।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার দেখভাল করছে। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া কয়েক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

০৩ নভেম্বর, ২০২১।