মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার, সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
শিক্ষামন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর বীরত্বগাঁথা চিরস্মরণীয় হয়ে থাকবে। বায়ান্ন’র মহান ভাষা আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বীর মুক্তিযোদ্ধা। সাহিত্য চর্চার প্রতিও তাঁর ঝোঁক ছিল। মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ
জাতীয় পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত করে। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি এক শ্রেষ্ঠ সূর্য সন্তানকে হারালো।
উল্লেখ্য, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী (৮৪) গতকাল শনিবার আনুমানিক সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা পরিষদ চেয়ারম্যানের শোক
মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চাঁদপুর জেলার কৃতী সন্তান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাওয়ারী।
এক শোকবার্তায় তিনি বলেন, চাঁদপুর জেলাবাসী যেসব সূর্যসন্তানকে নিয়ে হাজার বছর ধরে গৌরব ও অহংকার করবে তাঁদের মধ্যে শ্রেষ্ঠতম সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠাবান, সাহসী মানুষকে হারালো। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
জিল্লুর রহমান জুয়েলের শোক
ফরিদগঞ্জের কৃতী সন্তান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের ইতিহাসে লে. কর্নেল আবু ওসমান চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি বাংলাদেশের একজন সত্যিকারের দেশপ্রেমিক। চাঁদপুরের এই কৃতী সন্তান মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ৮নং সেক্টরের কমান্ডারের দায়িত্বে ছিলেন। অসামান্য অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে পুরস্কৃত করেন। স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ২০১৪ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এক নক্ষত্রকে হারালো। দেশের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তার মৃত্যু এদেশের জন্য অপূরণীয় ক্ষতি।
আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু ওসমান চৌধুরী।
৬ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
