বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র
সাগর চৌধুরী
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এবং করোনার বিশেষ ধরন স্ট্রেইন সংক্রমন রোধে সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম
সীমিত করণে বিশেষ বিধি-নিষেধের মেয়াদ আরো ২০ দিন বাড়িয়েছে রাজকীয় সৌদি আরব সরকার। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা থেকে পুনরায় এই ২০ দিন কার্যকর হবে বলে জানায় মন্ত্রণালয়। এরই মধ্যে সবার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ন্যাশনাল ডাটা সেন্টার নিয়ন্ত্রিত ‘তাওয়াক্কালনা’ এ্যাপস্ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে নিজ নিজ কর্মস্থল, সরকারি-বেসরকারি অফিস-আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সব বিপণী-বিতানে প্রবেশে তাওয়াক্কালনা বাধ্যতামূলক।
সম্প্রতি দ্বিতীয় দফায় বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে করোনার নতুন ধরন স্ট্রেইনের লাগাম টেনে ধরতে এ বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হয়। তাছাড়া করোনারোধে স্বাস্থ্যবিধি পালনে সবার মধ্যে অবহেলা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এ পদক্ষেপ নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০টা থেকে বিধিনিষেধ কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিধি-নিষেধগুলো নিম্নরুপ :- ১. কমিউনিটি সেন্টার, রেস্ট হাউজ, হোটেল, তাবুসহ যে কোনো স্থানের অনুষ্ঠান (বিবাহ, কর্পোরেট বৈঠক ও সব ধরনের অনুষ্ঠান) আয়োজন আগামি ২০ দিনের জন্য স্থগিত থাকবে। ২. আগামি ২০ দিন কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি জনসমাগম নিষেধ। ৩. আগামি ২০ দিন কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনে বিরত থাকতে হবে। ৪. এসময় সিনেমা হল, বিনোদন কেন্দ্র, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। ৫. আগামি ২০ দিন রেস্টুরেন্টের টেবিলে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে ডেলিভারি সার্ভিস দেয়া যাবে।
কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করলে ২৪ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়। সব মিউনিসিপালিটিও এসব বিধি-নিষেধ অমান্যে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। পুনর্বার নির্দেশনা লঙ্ঘন করলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখবে প্রতিষ্ঠান। এভাবে ধারাবাহিকভাবে ১ সপ্তাহ, ২ সপ্তাহ ও ৪ সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে।
জনসমাগম হয় এমন সব কর্মকাণ্ড এড়িয়ে চলার দিক-নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় দেশটির নাগরিক এবং প্রবাসীদের সতর্ক করে বলেছে, জনসমাগম ঘটে এমন সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। করোনা মহামারির সংক্রমণ পরিস্থিতির উপর নির্ভর করে এই মেয়াদ আরো বাড়তে পারে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি নতুন করে দশ দিনের বিধিনিষেধ জারির পর পুনরায় এই বিশ দিন বৃদ্ধি করে দেশটি।
এর আগে ৩ ফেব্রুয়ারি ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে, ঐ তালিকায় বাংলাদেশ নেই। তাছাড়া যেসব দেশ থেকে ওমরাহ যাত্রী আসার অনুমতি ছিল, আরেক ঘোষণায় তাও স্থগিত করা হয়।
১৫ ফেব্রুয়ারি, ২০২১।
