টিটু,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ১২ ফেব্রুয়ারি, ২০১৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি
বিদ্যালয়ের দ্বিতল ভবনের একটি কক্ষ থেকে
অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী
বিদ্যালয়ে একটি কক্ষ খুলে দিতে গেলে লাশটি
দেখতে পান। জিজ্ঞাসাবাদের জন্য
নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে
জানা যায়, আজ সকালে উপজেলার বটতলী
ইউনিয়নের রুস্তমহাট বাজারের দক্ষিণ দিকে পাশে
অবস্থিত বটতলী এস এম আউলিয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের দ্বিতল ভবনের একটি কক্ষ থেকে ২০
থেকে ২২ বছরের অজ্ঞাতনামা এক যুবকের লাশ
উদ্ধার করে পুলিশ। বিদ্যালয়ের নৈশপ্রহরীর কাছ
থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নৈশপ্রহরী কফিল
উদ্দিনকে আটক করে।
এ ব্যাপারে বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি)
চেয়ারম্যান আবুল কালাম আবু বলেন,
বিদ্যালয়ে শুক্রবার সকালে স্থানীয় একটি সংগঠনের
বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প ছিল। তাই নৈশপ্রহরী
সকালে বিদ্যালয়ের ভবন খুলতে যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল
লতিফ প্রথম আলোকে বলেন, লাশের পরিচয়
পাওয়া যায়নি তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য
বিদ্যালয়ের নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।
