স্টাফ রিপোর্টার
চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণাঘাট এলাকায় ফেরি থেকে নদীতে পড়ে গেছে পাইপ বোঝাই পণ্যবাহী একটি ট্রাক। ট্রাকটি নদী থেকে উদ্ধার করতে ডুবুরি দল কাজ করছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে চলছে উদ্ধার অভিযান। তবে উদ্ধার অভিযান শুরু বা অন্যান্য কাজে ফেরি কর্তৃপক্ষের চরম গাফিলতি লক্ষ্য করা গেছে। রাতে দুর্ঘটনা ঘটলেও সকাল ৮টা পর্যন্ত সেখানে দায়িত্বশীল কারো দেখা মিলেনি।
গত শনিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার প্রাণে বেঁচে যায়। দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নম্বর ঘাট বন্ধ রয়েছে। সকাল সাড়ে ৮টার পর থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাকের সন্ধান চালাতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে কামিনী নামে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। এসময় ফেরিতে আরো কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল। রাতে এ দুর্ঘটনা ঘটলেও ফেরি চলাচল কর্তৃপক্ষের কাউকে সকাল ৮টা পর্যন্ত ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারপর সেখানে উপস্থিত হন বিআইডব্লিউটিসি’র ফেরি ম্যানেজার মো. তুষার।
ট্রাকের চালক জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় যাচ্ছিলেন তিনি। এতে বড় আকৃতির ৯টি পাইপ ছিল। সকাল সাড়ে ৮টার পর থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাকের সন্ধান চালাতে দেখা গেছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা মো. কায়সারুল আলম জানান, সকাল থেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।
২৮ ফেব্রুয়ারি, ২০২২।
