হাইমচর ব্যুরো
আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যন প্রার্থী হিসেবে গণসংযোগের পাশাপাশি মতবিনিময় সভা করে যাচ্ছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটওয়ারী।
গত শনিবার দিনভর গণসংযোগ শেষে সন্ধ্যায় উত্তর আলগী ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান পাটওয়ারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়েই আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি জনপ্রতিনিধি না হয়েও সব সময় হাইমচরের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি দীর্ঘদিন ছাত্রলীগের ও যুবলীগের সভাপতি ছিলাম। চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজি করে দলের বদনাম করিনি। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমি আশা করি হাইমচরের উন্নয়নগুলো তৃণমূলে পৌঁছে দিতে ক্লিন ইমেজের নেতা হিসেবে দল থেকে আমি মনোনয়ন পাবো এবং চেয়ারম্যন নির্বাচিত হবো। আপনারা জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জন্য দোয়া করবেন।
আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে ও ইউপি সদস্য আলমগীর তহবিলদারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবলীগ নেতা নজির গাজি, ইউপি সদস্য মো. কাউসার মিয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি, প্রচার সম্পাদক গাজি সুজন, যুবলীগ নেতা জাহাঙ্গীর শিকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোবারক ছৈয়াল, সফিক ছৈয়াল, শাজাহান গাজি, আ. রহিম ছৈয়াল, স্থানীয় সমাজসেবক অধ্যক্ষ মাও, আ. হামিদ, লিয়াকত হোসেন, পরেশ চন্দ্র দাস, তোফায়েল আহম্মেদ, নাছির আহম্মেদ, আ. লতিফ খান প্রমুখ।
হাজারো মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভাটি জনসভায় রুপ নেয়।
