হাইমচরে আ.লীগ প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে কর্মী সমাবেশ

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা, মাইক ও হাঁস মার্কাকে বিজয়ী করতে হবে
………..নাছির উদ্দিন আহমেদ


সাহেদ হোসেন দিপু
আগামি ১৩ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে হাইমচরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩টার আগেই উপজেলা বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতা কর্মী মিছিল নিয়ে উপস্থিত হয়। এক পর্যায়ে কর্মী সমাবেশটি হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে জনসভায় রুপ নেয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে ডা. দীপু মনি এমপির হাত ধরে হাইমচরে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামি ১৩ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থীদের প্রতিক নৌকা, মাইক ও হাঁস মার্কাকে বিজয়ী করতে হবে।
তিনি এসময় হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, দলের প্রার্থীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে কিংবা ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেয়া হবে না। দলের সুবিধা ভোগ করবে আবার দলের বিরুদ্ধে অবস্থান নিবে তা কোনভাবেই মেনে নেয়া যাবে না। তাই সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে সবাইকে একযোগে কাজ করে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারী ও সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন বেপারী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ বেগমকে নেতাকর্মীদের মাঝে আমানত হিসেবে রাখেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ূন প্রধানীয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিল্টন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো. নূর হোসেন পাটওয়ারী, যুবলীগ আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, মহিলা লীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ বেগম।
এসময় উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।