হাইমচরে উপজেলা আ.লীগের ২১ আগস্ট পালন

ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত কুদ্দুছ পাটওয়ারীসহ সব শহীদের স্মরণে আলোচনা সভা মিলাদ, দোয়া ও ব্যাপক কর্মসূচি মধ্য দিয়ে ভয়াল ২১ আগস্ট পালিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) শহীদ কুদ্দুস পাটওয়ারীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে, সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ কুদ্দুস পাটওয়ারীর সমাধীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে আওয়ামী লীগ কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মাকসুদ আলম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়। সেদিন জননেত্রী শেখ হাসিনা ও তার বোন বিদেশে থাকায় তারা প্রাণে রক্ষা পায়। সেই ঘাতকরা ২১ আগস্ট পুনরায় শেখহাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করে। শেখ হাসিনাকে রক্ষা করতে হাইমচরের কৃতী সন্তান কুদ্দুছ পাটেয়ারী নিজের জীবন বিলিয়ে দেন। তিনি গ্রেনেডের হামলায় শহীদ হন। আজ সেই ভয়াল ২১ আগস্ট। আজকের দিনে আমরা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি বাস্তাবয়নের মধ্য দিয়ে সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।
আলোচনা সভা শেষে নিহত কুদ্দুছ পাটওয়ারীসহ সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।
২২ আগস্ট, ২০২১।