হাইমচরে কুখ্যাত মাদক কারবারি জসিম উদ্দিন ভূইয়া ইয়াবাসহ আটক

সাহেদ হোসেন দিপু

হাইমচরের কুখ্যাত মাদক কারবারি মো. জসিম উদ্দিন ভূইয়া (কানা জসিম) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে কানা জসিমকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে এসআই সঞ্জিত কুমার, এএসআই খালেক ও প্রাণকৃষ্ণের যৌথ অভিযানে ডিএসবি নাজিম উদ্দীনের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী কানা জসিমের বিরুদ্ধে হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়।

এর আগেও একই অপরাধে একাধিকবার জেল খাটে সে। জেল থেকে বেরিয়ে এসে এলাকায় মেম্বার প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়া পুলিশের উপর হামলাসহ জেলা ও উপজেলায় মাদক কারবারি কাজে জড়িত ছিল সে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, জসিম উদ্দিন ভূইয়া অরফে কানা জসিমকে ইয়াবাসহ আটক করা হয়েছে। চুরি, মাদক সেবন ও বিক্রিসহ তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।

০৭ আগস্ট, ২০২১।