হাইমচরে গৃহবধূ পারুল হত্যার ৩ আসামি আটক

সাহেদ হোসেন দিপু
হাইমচরের গৃহবধূ পারুল হত্যার ৩ আসামিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পারুল হত্যা মামলার আসামি শাশুড়ি মাজেদা বেগম, ননদ হাওয়া বেগম ও শ্বশুর নাছির নেপালকে আটক করে হাইমচর থানায় নিয়ে আসা হয়।
গত ১২ সেপ্টেম্বর হাইমচরে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় মিয়া নেপালের স্ত্রী পারুলের লাশ উদ্ধার করে হাইমচর থানা পুলিশ। হত্যার সাথে জড়িত স্বামী মিয়া নেপাল ঐ দিনই থানায় আত্মসমর্পণ করে। পারুলকে কি হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে এমন সন্দেহ ছিল লোকজনের মাঝে। এরই মধ্যে ময়নাতদন্ত রিপোর্ট চলে আসে। রিপোর্টে বলা হয় পারুল আত্মহত্যা করেনি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ভিকটিম পারুল বেগম (২৬) উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের আ. সাত্তার আখন এর ছোট মেয়ে। একই গ্রামের ডিগ্রি কলেজ সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকে। পারুলের চারটি সন্তান শাহাদাত (১০), সুমাইয়া (৭), আশ্রাফ (৪) ও মুসা (৪ মাস)।
নিহত পারুলের ভাই রাসেল আখন জানান, আমার বোনের হত্যার সাথে জড়িত বাকি ৩ আসামীকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিঞ্জাসাবাদ করলে সত্যতা বেরিয়ে আসবে। আমার বোনের খুনিদের বিচার হলে বোনের আত্মা শান্তি পাবে। তাদের এমন বিচার করা হোক যাতে তাদের বিচার দেখে সমাজের এমন ধরনের অসাধু লোকগুলো ভয়ে এমন কাজ না করে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আমরা নিহত পারুলের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে আটক করেছি। আগামীকাল চাঁদপুর কোর্টে প্রেরণ করবো।
০৬ ডিসেম্বর, ২০২০।