স্টাফ রিপোর্টার

‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে পৌরসভার ৮নং ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় ৮নং ওয়ার্ডের জেডিসি কুলিবাগান, ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি রোড, জামতলা, কয়লা বাগান এলাকায় গণসচেতনতামূলক সভা ও মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ী আওলাদ ও শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনার এলাকাকে মাদকমুক্ত করতে আপনাকেই দায়িত্ব নিতে হবে। মাদক শুধু একটি সমাজকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান পুলিশকে পাহাড়া দিতে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছে। এ এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, মাদক বিক্রেতার অবস্থান আমাদের জানান। মাদক ব্যবসায়ীকে সামাজিকভাবে বয়কট করুন। তাদের সাথে কোন আত্মীয়তা করবেন না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ ও পরিদর্শক (ইন্টেলিজেন্স) মনির আহমেদ।
০৬ ডিসেম্বর, ২০২০।
