হাইমচরে চেয়ারম্যান প্রার্থী মোতালেব জমাদারের সংবাদ সম্মেলন

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা


হাইমচর ব্যুরো
আসন্ন ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোতালেব জমাদার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং ভয়-ভীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি গত ২৩ ডিসেম্বর তার, পরিবার ও কর্মী-সমর্থকদের উপরে হামলা ও তাদের ভয়ভীতি দেখানোর বিষয়টি পত্রিকায় তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছি। আমি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের উপজেলা ও জেলায় ৪৬ বছর বিভিন্ন পদ-পদবী বহন করে আসছি। জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রাখতে গিয়ে আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচনী তফসিল ঘোষণার পর হতেই আমি যেন নির্বাচন না করি সেজন্য হুমকি-ধমকির সম্মুখীন হয়েছি। গত ২৩ ডিসেম্বর আমি আমার পরিবার ও কর্মী-সমর্থকদের উপর প্রতিপক্ষ হামলা চালায়। আমি দীর্ঘ ১২ দিন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সমরিতা হাসপাতালে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি।
তিনি আরো বলেন, আমার উপর হামলার ঘটনায় প্রশাসন কোন মামলা নেয়নি। উল্টো আমার ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বক তুলে এনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দলে ভিড়ানোর চেষ্টা করানো হচ্ছে। আমার ব্যানার-ফেস্টুন বিভিন্ন এলাকা থেকে ছিড়ে ফেলা হচ্ছে। এমতাবস্থায় আমি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সন্দিহান। আমি হাইমচরে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং ভয়-ভীতি মুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য স্থানীয় সাংসদ ডা. দীপু মনি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।