হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানয়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও এমটি ইপিআই মো. বিল্লাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আজ প্রতিটি ঘরের আশেপাশে কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখান থেকে মানুষ খুব সহজেই স্বাস্থ্য সেবা নিতে পারে। তাই আসন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কোন শিশু যেন ভিটামিন ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে স্বাস্থ্য বিভাগের সবাইকে সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু প্রমুখ। সভায় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রসমূহের স্বাস্থ্য কার্মকর্তা ও সেবিকাবৃন্দ, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন বলেন, ৬ মাস থেকে ৫ বছল বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক টিকাদান কেন্দ্রসমূহে ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ‘এ’ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
০২ জুন, ২০২১।
