হাইমচরে দুই প্রার্থীর কে হচ্ছেন জেলা পরিষদ সদস্য?

জনমনে কৌতুহল!

হাইমচর ব্যুরো
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে উপজেলার প্রাণকেন্দ্র আলগী বাজারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্বর। এ বছর শুধুমাত্র হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন জেলা পরিষদের ২নং ওয়ার্ডের আওতায় থাকায় প্রচারণা ও ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ দুটোই সহজ হয়েছে। তাই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন উভয় প্রার্থী।
গত বুধবার ও বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদগুলো সেজেছে প্রার্থীদের ব্যানার ও পোস্টারে। ভোটাররা অপেক্ষা করছেন নির্বাচনের। আনন্দমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন- সেই মনোবাসনা নিয়ে দিন গুণছেন তারা।
তাদের সাথে কথা বলে জানা যায়, যার মাধ্যমে হাইমচরের মানুষ জেলা পরিষদের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে, তাকেই এ ওয়ার্ডের সদস্য মনোনীত করবেন তারা। যিনি হাইমচরের ৬টি ইউনিয়নকে সমান চোখে দেখে উন্নয়নের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে পারবেন। তার পক্ষে অবলম্বন করে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন।
এ উপজেলার দু’জন প্রার্থীর একজন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির। যিনি বংশগতভাবে একজন আওয়ামী পরিবারের সন্তান। যার ছাত্র রাজনীতি থেকেই জনসেবামূলক কাজে রয়েছে অসংখ্য অবদান। ফলে নিজ ওয়ার্ডের জনগণ তাকে স্থানীয় ইউপি মেম্বার হিসেবে নির্বাচিত করেন। তার সেবার পরিধি বাড়াতে ২০১৫ সালে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেন। এছাড়া সামাজিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় বাজার পরিচালনা কমিটির সাবেক বর্তমান গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন তিনি। সুনামের সাথে দীর্ঘ পথচলার পর এসএম কবির এবার প্রার্থী হয়েছেন জেলা পরিষদ সদস্য পদে। এ নির্বাচনে তার প্রতিক টিউবওয়েল।
অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম শিকদার। যিনি জনসেবামূলক কাজে না থাকলেও সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ২০১৬ সালে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়ে ৮ ভোট পেয়ে পরাজিত হন। এরপরও হাল না ছেড়ে নির্বাচনী মাঠ ধরে রেখে এবারও প্রার্থী হয়েছেন তিনি। গত নির্বাচনে তার প্রতিক হাতি থাকলেও এ নির্বাচনের প্রতিক তালা।
উল্লেখ্য, হাইমচর উপজেলার ৬ ইউনিয়ন ও উপজেলা পরিষদ মিলে ৮০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ৬টি ইউনিয়নের চেয়ারম্যান এবং ৫ ইউনিয়নে ৯ জন করে ৪৫ জন ও গাজীপুর ইউনিয়নে ৮ জন ইউপি সদস্যসহ ৬ ইউনিয়নে ৩ জন করে ১৮ জন মহিলা সদস্য এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগামি ১৭ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন কামনা করেন হাইমচরের ভোটাররা।

১৪ অক্টোবর, ২০২২।