মাতৃপীঠ সরকারি বাউবির শতবর্ষের লোগো ও স্মরণকথার মোড়ক উন্মোচন

এস এম সোহেল
চাঁদপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষার প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন কার্যক্রম অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর আয়োজনে ‘শতবর্ষে মাতৃপীঠ’ এর লোগো এবং স্মরণকথার মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে লোগো এবং স্মরণকথার মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে শতবর্ষ উদযাপন কার্যক্রমের সূচনা করেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার বক্তব্যে বলেন, একটি বিদ্যালয় শতবর্ষ টিকে থাকা অনেক গর্বের বিষয়। শতবর্ষের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁদপুরের গর্ব। এই শিক্ষা প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে চাঁদপুরে সুনাম বয়ে বেড়ায়। আমার মা এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই প্রতিষ্ঠানটি সরকারিকরণে আমার বাবার অনেক অবদান রয়েছে। যার ফলে এই বিদ্যালয়টি আমার অন্যরকম আবেগ ও ভালোবাসার জায়গা।
তিনি আরো বলেন, এখনো যারা এই বিদ্যালয়ের অগ্রযাত্রার সাথে জড়িয়ে আছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের কার্যক্রম চলছে। যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঘটবে। যারা এ আয়োজনের উদ্যোক্তা তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি সবসময় এ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মনিরা আক্তার।
শতবর্ষী উদযাপন উপস্থাপনা উপ-কমিটির সদস্য সচিব রোটা. ডা. রাশেদা আক্তার ও প্রচার উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক সায়েরা কাকলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর হোসেন খান, ফজিলাতুন্নাহার বেগম, শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আফরোজ জাহান আখন্দ প্রমুখ।
এসময় শতবর্ষে মাতৃপীঠ উদযাপন কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

১৪ অক্টোবর, ২০২২।