হাইমচরে নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার আলগী বাজারে নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। দক্ষিণ আলগী গ্রামের তাজুল ইসলাম গাজীর ছেলে পরান গাজীর বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ঐ বহুতল ভবন নির্মাণ করেছে। বহুতল ভবন নির্মাণাধীন মার্কেটের পাশের মালিক নাজির উদ্দিন গাজী, ব্যবসায়ী মো. জহির হোসেন, জাহাঙ্গীর হোসেন, রাসেল গাজী. আ. রহিম হাইমচর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের অনুলিপি হাইমচরে কর্মরত সাংবাদিকদের কাছেও পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সদর আলগী বাজার হাসপাতাল রোড সংলগ্ন মার্কেটের মধ্যখানে পরান গাজী ২.২৫ শতাংশ জমি কিনে ২/৩ বছর আগে বিধি অনুযায়ী কোন ধরনের সয়েল টেস্ট কিংবা অনুমোদিত নকশা এবং পাইলিং ছাড়া জমির উপর ৩য় তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন। এখন ঐ ৩য় তলাবিশিষ্ট ভবনের উপরই ৬ষ্ঠ তলা ভবন নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিল্ডিং নির্মাণের সময় রাস্তার জন্য প্রয়োজন অনুযায়ী জায়গা এবং ভবনের পানি নিষ্কাশনের জন্য কোন ধরনের ব্যবস্থা না রেখে তা’ নির্মাণ করা হয়। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় প্রাকৃতিক দুর্যোগের মত সামান্য ভূমিকম্প হলে ভবনটি হেলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঝুঁকিপূর্ণ ভবনের পার্শ¦বর্তী ভবনের মালিক নাজির উদ্দিন গাজী জানান, নিয়ম বহির্ভূতভাবে নির্মিত বহুতল ভবনটি প্রতিবেশী এবং ঘরের মালিক হিসেবে দুর্ঘটনার আশংকা বোধ করছি। ভবনটি বর্তমানে প্রতিবেশী, ব্যবসায়ী এবং বাজারে আগত জনগণের আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় কোন দুর্ঘটনা এড়াতে পার্শ¦বর্তী জনগণের জানমাল এবং সহায়-সম্পদ রক্ষার্থে যত দ্রুত সম্ভব তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।