
সাহেদ হোসেন দিপু
আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
গতকাল মঙ্গলবার কাকডাকা ভোর হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আলগী উত্তর ইউনিয়নের গাজীর বাজার, ডেলের বাজার, বাংলা বাজার, কেভিএন স্কুল, আনন্দ বাজার, রায়ের বাজার, চৌধুরী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা, পথসভা ও ব্যাপক গণসংযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন, গত ৫ বছরে আমি ডা. দীপু মনির হাত ধরে আপনাদের জন্য কাজ করেছি। ডা. দীপু মনির নেতৃত্বে এ হাইমচরে অভূতপূর্ব উন্নয়ন করেছি। যা ইতোপূর্বে কোন চেয়ারম্যান বা জনপ্রতিনিধি করতে পারেনি। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে আপনাদের সেবা করার চেষ্টা করেছি, কারো ক্ষতি করিনি। আপনারা বিগত দিনের কথাগুলো বিবেচনা করে আমাকে পুনরায় আপনাদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমি আপনাদের ছিলাম, আপনাদেরই সেবক হয়ে থাকতে চাই।
এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
