
কোন অপশক্তি আঁতাত করে নৌকার বিজয় ঠেকাতে পারবে না
………………নাছির উদ্দিন আহমেদ
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে নৌকা, মাইক ও হাঁস মার্কার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাটি বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও উপজেলার বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতা কর্মী ৪টার আগেই সমাবেশে অংশ নেন। এক পর্যায়ে হাজারো মানুষের অংশগ্রহণে কর্মী সভাটি জনসভায় রুপ নেয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে তিনি বলেন, হাইমচরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি ১৩ জানুয়ারি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। নৌকার জোয়ার বইছে, আজকে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে হাইমচরের উন্নয়নের প্রতিদান হিসেবে জনগণ স্বতস্ফূর্তভাবে এই কর্মী সভায় অংশ নিয়েছে। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কার সরকার ক্ষমতায় আছে বলেই দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা রক্ষা করতে ১৩ জানুয়ারি নির্বাচনে নৌকা, মাইক ও হাঁস মার্কাকে বিজয়ী করবেন। কোন অশুভ শক্তি দলের সাথে বেঈমানি করে বিএনপির সাথে আঁতাত করে নৌকার বিজয়কে ঠেকাতে পারবে না। ইতোপূর্বে দেখেছেন সব বেঈমানদেরই পতন ঘটেছে।
গতকাল শনিবার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়ার সভাপতিত্বে এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, আতিকুর রহমান পাটওয়ারী।
এসময় উপস্থিত জনতার কাছে ভোট ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারী ও শাহনাজ বেগম।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা সালাউদ্দিন শিকদার, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
