
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ডাকাতিয়া নদী থেকে আনুমানিক ৪৫ বছরের অজ্ঞাতনামা একজন মুসলিম যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার খিলাবাজার এলাকায় আহম্মদনগর গ্রামের গণকবরস্থানের দক্ষিন পাশে ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার দুপুরে ডাকাতিয়া নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা শাহরাস্তি থানা পুলিশকে খবর দেয়। এ সময় কয়েক সহস্রাধিক উৎসুক জনতার ভীড় জমে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। তাৎক্ষনিক মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম জানান, ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কেউ অজ্ঞাতনামা মরদেহের পরিচয় জানলে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৭১৩-৩৭৩৭১৬ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ০১৭৬৯-৬৯২৮৭৮ এর মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম।
