হাইমচরে পাউবোর জায়গা দখল করে ভবন নির্মাণের হিড়িক

সাহেদ হোসেন দিপু
হাইমচরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ভবন নির্মাণের হিড়িক পড়েছে। উপজেলার চরভৈরবী ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে একের পর এক স্থায়ী ভবন নির্মাণ করে চলছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা। সরকারি জায়গায় স্থায়ী ভবন নির্মাণে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সরজমিনে গিয়ে দেখা জায়, চরভৈরবী ইউনিয়নের বাজার সংলগ্ন বেড়িবাঁধ পাশে জায়গা দখল করে পৃথকভাবে স্থায়ী ভবন নির্মাণ করছেন ৩ প্রভাবশালী ব্যক্তি। এদের মধ্যে দুইজন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করার পাশাপাশি বেঁড়িবাধ পাশ কেটেও ভবন নির্মাণ করছেন। স্থানীয় মৃত মজিবুল হক বেপারীর ছেলে বিপ্লব বেপারী, হাসেম বেপারীর ছেলে চরভৈরবী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাকিব ও দক্ষিণ পাাড়াবগুলা গ্রামের হাসেম হাওলাদার। লোকচক্ষুর আড়াল করতে এরা সবাই নিজ নিজ ভবন নির্মাণে রাস্তার পাশে বড় করে টিনের প্রাচীর দিয়ে রেখে ভিতরে কাজ করছে।
হাসেম হাওলাদারের ছেলে মোক্তার বলেন, আমরা নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করছি। ভবনে উঠা-নামা করার সুবিধার্থে বেঁড়িবাধ পাশ কেটে সিঁড়ি দিয়েছি।
বিপ্লব বেপারী বলেন, পানি উন্নয়ন বোর্ডের এ জায়গায় লোকজন বসতঘর তৈরি করে থাকে। এখানে আমারও একটি ছোট ঘর ছিল। আমি সেই জায়গায় এখন ভবন তৈরি করছি। ভবনের পাশের রাস্তাটি ভাল রাখতে ফাউন্ডেশন দিয়ে ভবন তৈরি করছি।
চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ভবন নির্মাণের বিষয়টি আমি লোক মারফত শুনেছি। আমি এ বিষয়ে কোন কিছু বলতে চাই না। আপনারা সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নিন।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের হাইমচর উপজেলা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ভবন নির্মাণের বিষয়টি আমার জানা নেই। আগামিকাল সরজমিনে বিষয়টি দেখে ব্যবস্থাগ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো।

০২ মার্চ, ২০২২।