সাহেদ হোসেন দিপু
হাইমচরে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ। গাড়িসহ ড্রাইভারকে আটক করেছে হাইমচর থানা
পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোর ৬টায় হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের শহর আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে আহত বৃদ্ধ ছবুর আলী (৬৭) চকিদারের ছেলে কাশেম চকিদার ২ জনকে আসামি করে হাইমচর থানায় অভিযোগ দায়ের করেন। আসামিরা হলেন- লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরাবাবিল এলাকার মো. শাহজান রাজ (৪৮) ও গাড়ির ড্রাইভার পারভেজ।
অভিযোগ সূত্রে জানা যায়, চরভৈরবী ইউনিয়নের শহরআলীর মোড়ে স্থানীয় কিছু প্রভাবশালীর প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার পাশাপাশি জোর-জুলুম ও সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত রয়েছেন শাহজান রাজসহ কয়েকজন। কিছুদিন আগে নিরাপদ সড়কের দাবিতে ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের নেতৃত্বে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। ঐ মানববন্ধনে অবৈধ ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে বক্তব্য রাখেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ ছবুর আলী চকিদার। ঐ সময় থেকেই বালু ব্যবসায়ী শাহজান রাজ তাকে বিভিন্নভাবে প্রাণনাষের হুমকি-ধমকি দিয়ে আসেন। বালু ব্যবসায়ী শাহজান রাজ তার ব্যবহৃত ড্রাইভার দিয়ে ছবুর আলী চকিদারকে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাপা দেন। স্থানীয় লোকজন আহতকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত বৃদ্ধের অবস্থা বর্তমানে আশংকাজনক।
এলাকাবাসী জানান, আমাদের এলাকায় সড়কের তুলনায় অনুপোযুগী গাড়িগুলো চলাচল করায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে লোকজনের। তারা এসব সমস্যা সমাধানে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনসহ শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ জানান, পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ আহত হওয়ার ঘটনায় হাইমচর থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পিকআপভ্যানসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯ জানুয়ারি, ২০২১।
