হাইমচরে বৃষ্টি উপেক্ষা করে নৌকার ব্যাপক প্রচার-প্রচারণা


হাইমচর ব্যুরো
হাইমচরে বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে চলছে নৌকা প্রতীকের ব্যাপক প্রচার-প্রচারণা। কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত উপজেলার ৩১টি কেন্দ্রের আওতায় প্রতিটি এলাকায় ছোট ছোট দল করে নৌকা পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। তবে নৌকার পাশাপাশি ধানের শীষ প্রতীকেরও প্রচারণা করতে দেখা গেছে।
নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততোই প্রচারণা বেশ জোরেশোরেই চলছে। হাইমচরের উন্নয়নের বার্তাগুলো তৃণমূলে পৌঁছে দিতে এবং ডা. দীপু মনি এমপির এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন নৌকা প্রতীকের সমর্থকরা।
গত শুক্রবার নৌকা প্রতিকের প্রার্থী নূর হোসেন পাটওয়ারী হাইমচরে বেশ কয়েকটি কর্মীসভা ও উঠান বৈঠক করেছেন। বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদের বাড়িতে উঠান বৈঠকে হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় রুপ নেয়।
এসময় তিনি বলেন, ডা. দীপু মনি এমপির হাত ধরে হাইমচরে সর্বত্র ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পরে আওয়ামী লীগ সরকারের আমলে এবং আমি চেয়ারম্যান থাকা অবস্থায় হাইমচরে যে উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের আমলে হয়নি। মেঘনার ভাঙন প্রতিরোধ ব্যবস্থাগ্রহণসহ রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ নির্মাণসহ সব পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি ১৩ তারিখের নির্বাচনে শেখ হাসিনা ও ডা. দীপু মনির মনোনীত প্রার্থীর প্রতীক নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
বিকেলে নূর হোসেন পাটওয়ারী নেতাকর্মীদের সাথে নিয়ে গাজীর বাজার, বাংলা বাজার, আনন্দ বাজার, জনতা বাজার, গন্ডামারা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সন্ধ্যায় কর্মীরা গণসংযোগ শেষ করে ৩১টি কেন্দ্রের প্রায় ১শ’ ইউনিট হতে খন্ড-খন্ড মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হয়।
সেখানে সংক্ষিপ্ত সভায় নূর হোসেন পাটওয়ারী বলেন, নৌকার গণজোয়ার বইছে। ধৈর্য্য সহকারে ১৩ তারিখ পর্যন্ত নৌকার প্রচারণা চালিয়ে যেতে হবে।