হাইমচরে মৃত্যুশয্যায় এক দিনমজুর

ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্ট

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার আলগী বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে নোয়াব আলী (৪৫) নামে এক দিনমজুর মৃত্যুশয্যায় রয়েছেন। নোয়াব আলী আলগী উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা যায়, গত সোমবার নোয়াব আলী অসুস্থ অবস্থায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রক্ত পরীক্ষা করার জন্য নির্দেশ দেন। নোয়াব আলী ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার জন্য গেলে স্টাফ রাজীব নাহা রক্ত পরীক্ষা না করেই প্যাথলজিস্ট সুজনের স্বাক্ষর নকল করে রোগীকে টাইফয়েড জ্বরের রিপোর্ট প্রদান করেন। ঐ রিপোর্ট দেখে চিকিৎসক তাকে প্রেসক্রিপশনে ঔষধ লিখে দেন। নোয়াব আলী ঔষধ কিনে বাড়ি গিয়ে রাত্রে তা’ সেবন করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তার পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে নোয়াব আলী গুরুতর অবস্থায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াব আলীর স্ত্রী জানান, আমার স্বামীর শরীর থেকে রক্ত না নিয়েই কিছু সময় বসিয়ে রেখে কিছুক্ষণ পরে ভিতর থেকে রিপোর্ট এনে দেয়। আমরা সেই রিপোর্ট হাসপাতালের ডাক্তারকে দেখাই। ডাক্তার আমাদের এ রিপোর্ট অনুযায়ী ঔষধ দেন। ঐ ঔষধ খাওয়ানোর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক আমরা তাকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আমার স্বামী এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের প্রতিনিধি ফরিদ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে আমাদের যদি কোন ভুল হয়ে থাকে আমরা এ বিষয়টি নিয়ে বসবো। আগামিতে যাতে এ ধরনের কোন ভুল না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।