মতলব উত্তরের জাহিদ সারওয়ার কাজল

হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হলেন

মনিরুল ইসলাম মনির
হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হলেন মতলব উত্তর উপজেলার কেএম জাহিদ সারওয়ার কাজল। রাষ্ট্রপতি যে ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ দেন তাদের মধ্যে ডেপুটি এটর্নি জেনারেল কেএম জাহিদ সারওয়ার কাজল অন্যতম। গত সোমবার তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
জাহিদ সারওয়ার কাজল ২০০৮-০৯ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক ছিলেন। বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি নিয়োজিত হয়ে ২০১৯ সালের ২০ অক্টোবর পর্যন্ত এ পদে থেকে দায়িত্ব পালন করেন।
তিনি বিশ্বের সর্ববৃহত্তম মামলা ‘পিলখানা হত্যা মামলা’ নামে পরিচিত মামলার (হাইকোর্টের) ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে রাষ্ট্রপক্ষের হয়ে পরিচালনা করেন। দেশের আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলাতেও তিনি ডেপুর্টি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন। এছাড়া তিনি ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষের অনেক গুরুত্ব¡পূর্ণ মামলা পরিচালনা করেন।
কেএম জাহিদ সারওয়ার কাজল ১৯৯৩ সালে এলএলবি (অনার্স) ও ১৯৯৪ সালে আইন বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন। তিনি ১৯৯৫ সালের ১২ অক্টোবর আইনজীবী হিসেবে বার কাউন্সিলের তালিকাভুক্ত হন। ১৯৯৭ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৮ সালের ২৯ মার্চ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।
কেএম জাহিদ সারওয়ার কাজলের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে। তার বাবা মরহুম এমজি সারওয়ার হোসেন এবং দাদা মরহুম খান বাহাদুর গোলাম হোসেন লালু মাস্টার।
কেএম জাহিদ সারওয়ার কাজলের এমজি সারওয়ার হোসেন বাবু মিয়া সুপ্রীম কোর্টের আইনজীবী ছিলেন, কিন্তু প্রাকটিস করতেন জজকোর্টে। আইনজীবী হিসাবে তিনি জীবন শুরু করেন ১৯৭৮ সালে। দীর্ঘ ৩৭ বছর সুনামের সাথে মানুষকে আইনী সেবা দেয়া অবস্থায় ২০১৫ সালের ৮ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।