সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত আলী (রা.) হাফিজিয়া মাদরাসা ও হযরত ফাতেমা (রা.) মহিলা হাফিজিয়া মাদরাসার ২য় তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় মাদরাসার ২য় তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল জামে মসজিদের খতিব মাও. মো. জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে এবং মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. নাজমুল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গন্ডামারা এবিএস ফাযিল ডিগ্রি মাদরাসা অদ্যক্ষ মাও. মো. আব্দুর রহমান হামিদী।
এসময় তিনি বলেন, মহান আল্লাহপাক আমাদের মূল্যবান সম্পদ পবিত্র আল কোরআন দিয়েছেন। এই পবিত্র আল কোরআন আছে বলেই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য বুঝা যায়। এই কোরআনের কারনেই আজ মহান আল্লাহপাক আমাদেরকে সম্মানিত করেছেন। কোরআন শিক্ষা না থকলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন দ্বীনি শিক্ষা না থাকলে সে কোন ভাবেই প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে না। এ মাদরাসাটি দ্বীনি শিক্ষায় বেশ সুনাম কুড়িয়ে যাচ্ছে। এসফলতা ধরে রাখতে সবাইকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পদক আব্দুর রহমান রিয়াদ, হোমিও চিকিৎসক মাও. মো. সফিউল্লাহ, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আ. রহমান, আল আমিন একাডেমীর শিক্ষক মো. জসীম উদ্দিনসহ অতিথিবৃন্দ। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে মাদরাসার ২য় তলা ভবনের উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুর রহমান হামিদী।
২০ ডিসেম্বর, ২০২০।
