
সাহেদ হোসেন দিপু
হাইমচরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর উদ্যোগে ২৭৫০ পরিবারের জন্যে প্রস্তুত খাদ্য সামগ্রী। গত রোববার রাত ১০টা থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন লোকদের পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
২৭৫০ পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় ১১টি পদের মালামাল থাকবে। ২৭৫০টি প্যাকেট যার আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। প্রতিটি প্যাকেটে থাকছে চাল ১০ কেজি, তীর আটা ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, আলু ২ কেজি, মশুরের ঢাল ১ কেজি, তীর সয়াবিন ১ কেজি, লবণ ১ কেজি, তীর চিনি ১ কেজি, চা পাতা ২৫০ গ্রাম, লাইফবয় সাবান ২টি ও প্লাস্টিকের বস্তা ১টি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশে আমার বন্ধু ও শুভাকাক্সক্ষীদের সহযোগিতা নিয়ে আমার হাইমচরের খেটে খাওয়া লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। যারা একবারেই অসহায়, যাদের কাজ না করার ফলে তাদের সংসারের ছেলে-মেয়েদের নিয়ে হিমসিম খাচ্ছে তাদের তালিকা প্রণয়ন করেছি। গত রোববার রাত ১০টার পর থেকে আমার নিজস্ব লোকদের মাধ্যমে আমি তাদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দিব।
তিনি আরো বলেন, হাইমচরে অনেক দানশীল ব্যক্তি রয়েছে। তারাও ইচ্ছে করলে এককভাবে কিংবা যৌথ ভাবে মানুষের সেবায় এগিয়ে আসতে পারে। মনে রাখবেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। তাই সবার কাছে অনুরোধ নিজ নিজ অবস্থান থেকে আর্তমানবতার সেবায় পাশে দাঁড়াই।
