হাইমচরে ২ মাসের অভিযানে ১৩১ জেলে আটক

সাহেদ হোসেন দিপু
হাইমচরের মেঘনায় দুই মাসের জাটকা রক্ষা অভিযানে ১৩১ জেলে, ৫৩ লাখ মিটার জাল এবং ৩.৬৫৮ মেট্রিক টন মাছ জব্দ করা হয়। হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ অভিযানে ইলিশের পোনা নিধনের অপরাধে এসব জেলেদের আটক এবং জাল ও মাছ জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ দু’মাসে হাইমচরের মেঘনায় জাটকা নিধন প্রতিরোধে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড যৌথভাবে ১৩৮টি অভিযান পরিচালনা করে মোট ১৩১ জন অসাধু জেলেকে আটক করতে সক্ষম হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম ২৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন এবং ৬৬ জন জেলেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমরা নদীতে আমাদের অভিযান অব্যাহত রেখেছি। দুই মাসের অভিযানে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ডের সহযোগিতায় ১৩১জন জেলেসহ অসংখ্য জাল, নৌকা, মাছ আটক করতে পেরেছি। আটক জেলেদের মধ্যে ৬৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। বাকিদের জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল আগুনের পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয় এবং জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করে হয়েছে।
নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির আইসি মো. আব্দুল জলিল জানান, দুই মাসের জাটকা রক্ষা অভিযানে আমরা নিয়মিত মেঘনায় অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযান পরিচালনা করে ৯০ জন জেলেকে আটক করেছি। ৩৯ লাখ ৪৪ হাজার মিটার জাল জব্দ করেছি। আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মৎস্য আইনে ৪টি মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

০১ মে, ২০২০।