জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ত্রাণ বিতরণের পাশাপশি বিভিন্ন হাট-বাজারের ইজারাও মওকুফ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন। তার নির্দেশে বুধবার (২৯ এপ্রিল) মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের ইজারাও মওকুফ করা হয়েছে। বুধবার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বাজারটির ইজারাদার ও স্থানীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মনির মেম্বার।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বিবেচনা করে সংসদ সদস্যের আহ্বানে সাড়া দিয়েছি। আমরা তাঁর নির্দেশে উপজেলার বৃহৎ পাইকারী বাজার রামচন্দ্রপুর ও কোম্পানীগঞ্জের পাশাপাশি বাঙ্গরা বাজারকেও ইজারা মুক্ত করেছি। রমজানকে সামনে রেখে ইজারামুক্ত হওয়াতে খুশি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
বাঙ্গরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌফিকুল ইসলাম সিদ্দিকী, যুবলীগের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন বলেন, মূলতঃ আর্থিক বিবেচনা নয়, সংসদ সদস্যের নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে দলীয় নেতা-কর্মীরা এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই হাটবাজারের ইজারা মওকুফের মতো নানা সেবামূলক কাজে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখছেন। তারা সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
বুধবার বাঙ্গরা বাজারের ইজারা মওকুফ ঘোষণাকালে অন্যান্যের মধ্যে কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সবুজ, যুবলীগের আহ্বায়ক বাবলু আলী খান, থানা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদ খান উপস্থিত ছিলেন।
এদিকে শুধু হাট-বাজারের ইজারা মওকুফ নয়, উপজেলার ২২টি ইউনিয়নে ত্রাণ বিতরণের পাশাপশি করোনা মুকাবিলায় সবার অংশগ্রহণে নানামুখী জনকল্যাণমূলক তৎপরতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন।
০১ মে, ২০২০।
