সর্বহারা পার্টির পরিচয়ে
সাহেদ হোসেন দিপু
হাইমচরের সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড পরিচয় দিয়ে টাকা দাবি করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ চিকিৎসককে হত্যার হুমকি দেয়া হয়েছে। এতে নারী চিকিৎসক ডা. নাজমা আহমেদ এবং ডা. অদিতি বিশ্বাসসহ চিকিৎসকরা চরম আতংকের মধ্যে রয়েছেন। তারা জীবনের নিরাপত্তা চেয়ে হাইমচর থানায় জিডি করেছেন। জিডি নং ৩২৮, তারিখ ৯-১১-২০২০ইং।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত ইউএইচএফপিও) ডা. মামুন রায়হান জানান, গত ৭ নভেম্বর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত ০১৮১৪৫৭২৮৯০ নম্বর থেকে বেশ কয়েকটি ফোন আসে। আমি রিসিভ করলে ঐ প্রান্ত থেকে নিজেকে হাইমচরের সর্বহারা পার্টির সেকেন্ড ইন কামন্ড পরিচয় দিয়ে টাকা দাবি করে। টাকা দিতে না পারলে সে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়।
এরপরই আমার সহকর্মী ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. রাশেদ মোহাম্মদ, ডা. অদিতি বিশ্বাস. ডা. নাজমা আহমেদকেও একই নম্বর থেকে ফোন দিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি প্রদান করে। এ প্রেক্ষিতে আমি ও আমার সহকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
চাঁদপুরের সিভিল সার্জন এবং ইউএইচএফপিও’র নির্দেশনার ভিত্তিতে আমরা হাইমচর থানায় একটি সাধারণ ডায়রি করেছি। বর্তমানে তা তদন্তনাধীন রয়েছে।
১০ নভেম্বর, ২০২০।
