ইল্শেপাড়ে সংবাদ প্রকাশের পর মাদ্রাসা ছাত্রের জামিন

চান্দ্রায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো মামলা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের চেষ্টার সাজানো মামলার সংবাদ দৈনিক ইল্শেপাড়ে প্রকাশের পর মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহর জামিন হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর আদালতের বিচারক মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহর জামিন দেয়ার খবরটি তার ভাই রহমত উল্লাহ নিশ্চিত করেছেন।
জানা যায়, চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের খন্দকার বাড়িতে ১৯৮০ সাল থেকে নেয়ামতুল্লাহ খন্দকারের জায়গা নিয়ে মনির খন্দকারের বাবা শহীদুল্লাহ খন্দকার গংদের সাথে বিরোধ চলে আসছে। সম্পত্তির মালিক হাফেজ নেয়ামতুল্লাহ খন্দকার চান্দ্রা ইউনিয়ন পরিষদের একটি অভিযোগ দায়ের করেন। ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী বেশ কয়েকবার সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। সবশেষ মনির খন্দকার তার স্ত্রীকে দিয়ে সাজানো একটি ধর্ষণের চেষ্টার মামলা দিয়ে ১৬ বছরের হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসা ছাত্রকে ফাঁসিয়ে দেয়। সেই মামলার পেক্ষিতে পুলিশ মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহকে আটক করে আদালতে প্রেরণ করে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
এ ঘটনায় সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
১০ নভেম্বর, ২০২০।