শরীর ও মন সুস্থ রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে
………ইউএনও ফেরদৌসী বেগম


হাইমচর ব্যুরো
গতকাল সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী হাইমচরের আদর্শ শিশু নিতেন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-উনিশ ক্রিকেট দলের সফল খেলোয়াড় মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা প্রদান করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম।
আদর্শ শিশু নিকেতন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম বলেন, শুধু একঘেয়েমী শিক্ষা অর্জন করলে হবে না। শরীর ও মন সুস্থ রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শারীরিক, মানসিক ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। আজ শিক্ষার্থীদের দেখানো শরীরচর্চা প্রদর্শন খুবই মনমুগ্ধকর ছিল।
আমি জেনেছি আদর্শ শিশু নিকেতন স্কুলটি ভাল ফলাফলের সাথে খেলাধুলায়ও বেশ সুনাম কুড়িয়েছে। আগামি দিনে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাজহারুল ইসলাম শফিক। বিদ্যালয়ের অধ্যক্ষ এমএ লতিফ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. রহমান রিয়াদ।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএ মান্নান, হাইমচর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপুসহ শিশু নিকেতন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাজহারুল ইসলামের ভাগিনা বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয়কে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। আজ মঙ্গলবার বেলা ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
