
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা
শাহ আলম খান
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সভায় গত মাসের কার্যবিবরণী পাঠ ও পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জামাল হোসেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠান ১০ জানুয়ারি। এজন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনার জন্য সব যন্ত্রপাতি এসেছে। জেলা তথ্য অফিস আমাদের সাথে সমন্বয় করে কাজ করবেন। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ বিভাগ ব্যবস্থা নিবে। উপজেলা পর্যায়ে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তারা জেলা প্রশাসনের সাথে সার্বিক যোগাযাগ রক্ষার জন্য নির্দেশনা দেয়া হয়। উপজেলা পর্যায়ে ১০ জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধন লাইভ দেখানোর ব্যবস্থা করবে।
হাইমচর উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বৃহস্পতিবার হাইমচরে নির্বাচন কমিশনার কবিতা খানম হাইমচরে আসবেন। সেখানে একটি আইন-শৃঙ্খলা মিটিং হবে।
তিনি বই উৎসব সম্পর্কে বলেন, চাঁদপুরে এ বছর বই উৎসব বড় ধরনের আয়োজন হয়নি। আগামিতে বড় ধরনের উৎসব করে বই উৎসব করার ব্যবস্থা করা হবে। কেন্দ্রিয়ভাবে বড় ধরনের বই উৎসব করার জন্য কোন নিদের্শনাও ছিলো না।
মাহমুদ জামান বলেন, চাঁদপুর জেলা প্রশাসন মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ নিয়ে সব সময়ই কাজ করে আসছে। আগামিতে এই কাজটি অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক বলেন, সম্প্রতি ফরিদগঞ্জে ২২৭ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। এই কাজে উপজেলা প্রশাসন, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও গণমাধ্যম সর্বাত্মক সহযোগিতা করেছেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।
জিআরপি থানার ওসিকে উদ্দেশে করে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, রেললাইনের পাশে যারা অবৈধভাবে ব্যবসা করে এবং দোকান বসায় তাদের মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ এবং জরিমানা করা যাবে। এই বিষয়ে জিআরপি থানার ওসিকে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। কারণ যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর শহরে ব্যাপক অভিযান পরিচালনা করছেন। শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে অভিযান জোরদার করতে হবে। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় মাদকের ভয়বহতা বেশি।
শহরের হাসপাতালগুলোতে রোগী ভর্তি সম্পর্কে তিনি বলেন, বেসরকারি হাসপাতালে গর্ভবতী মা ভর্তি হলে তার এনআইডি লাগবে। যদি না থাকে তাহলে স্বামী/নিকটতম আত্মীয়ের এনআইডি দিয়ে ভর্তি হতে হবে। সম্প্রতি সময়ে বেসরকারি হাসপাতালে কয়েকটি ঘটনা আমাদের নজরে এসেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত নির্দেশনা দেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজারবাগ পুলিশ লাইনের অনুষ্ঠানে বলেছিলেন পুলিশ হবে জনতার। আজ আমাদের পুলিশের মূল প্রতিপাদ্য বিষয়ও হচ্ছে সেটি।
তিনি বলেন, সার্বিকভাবে বিশ্লেষণ করতে গেলে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় চাঁদপুরের আইন-শৃঙ্খলা অনেক ভালো রয়েছে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেছেন যে, বাংলাদেশ পুলিশ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বিশে^র অনেক দেশের কাছে রোল মডেল। সে প্রেক্ষাপটে চাঁদপুর অনেক দূরে। তারপরও ফরিদগঞ্জ উপজেলায় গত ২০১৮ সালে কিছু জঙ্গিবাদ সদস্য মাথা ছাড়া দিয়ে উঠছিলো, কিন্তু পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। জঙ্গিবাদ নেই বললে চলবে না, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে আমাদের চাঁদপুরের পুলিশ বসে নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও মসজিদগুলোতে থানা পর্যায়ে পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে বলে আসছে।
মাদক সম্পর্কে পুলিশ সুপার বলেন, আজকের মিটিং মাদক নিয়ে কথা বলেছেন অনেকে। মাদক কিন্তু আমাদের প্রতিটি রন্দে প্রবেশ করেছে। মাদক নিয়ে আমরা চিন্তিত। ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাদক সম্পর্ক যে সব তথ্য দিয়েছেন, সেগুলো সত্য। ফরিদগঞ্জে মাদকের বিস্তার ঘটেছে। পুলিশ সেখানে কাজ করছে। গত ডিসেম্বর মাসেও মাদক সংক্রান্ত ৭টি মামলা দিয়েছি এবং ১০জন আসামি সেখানে গ্রেফতার হয়েছে। তবে এটি সম্মানজনক অবস্থা না। আরো কাজ করার সুযোগ আছে ফরিদগঞ্জ থানায়। ফরিদগঞ্জ থানা আয়তনে অনেক বড়। এটি একটি ক্রাইম জোন এলাকা। কারণ এই উপজেলার সাথে অন্য কয়েকটি জেলার সাথে সীমানা সংযুক্ত। আমরা ফরিদগঞ্জ উপজেলার মাদক নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করবো। অভিযান করা হলে অবশ্যই মাদক নিয়ন্ত্রণে আসবে।
তিনি আরো বলেন, আপনারা জানেন চাঁদপুরে ডাকাতির ঘটনা কম। গত ২০১৮ সালে ৭টি ডাকাতির ঘটনা ঘটেছে এবং এগুলোর মামলাও হয়েছে। ঘটনার সাথে জড়িত অনেক আসামিও আটক হয়েছে। আমরা মামলাগুলোর প্রতিবেদন দিয়েছি আবার অনেকগুলোর চার্জশীট দেয়া হবে। চাঁদপুরে অর্থনৈতিক সম্পর্কিত যে ধরনের ক্রাইম সেগুলো কম ঘটে। সেই হিসেবে চাঁদপুরের আইন-শৃঙ্খলা ভালো রয়েছে।
হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, গত মাসে চাঁদপুরে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি মতলবে শিশু, একটি হাজীগঞ্জে বলগেটের শ্রমিক এবং আরেকটি শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র ও জুনিয়র নিয়ে। কিন্তু এসব হত্যাকাণ্ড আইন-শৃঙ্খলা অবনতি সম্পর্কিত নয়। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তবে এসব ঘটনায় মামলা হয়েছে এবং আমরা আসামি গ্রেফতার করেছি।
নারী শিশু নির্যাতন মামলা সম্পর্কে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মামলা আমাদের পুলিশ নিচ্ছে। মামলা বাড়ছে। মামলা বাড়া কিন্তু আইন-শৃঙ্খলার অবনতি নয়। গ্রামের অবহেলিত ও বিচার প্রার্থী এবং যেসব ঘটনাগুলো মামলা নেয়ার মত সেগুলোই পুলিশ মামলা নিচ্ছে। আগামি ১০ জানুয়ারি আমাদের একটি আনন্দের দিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী শোভাযাত্রাটি চাঁদপুরের মাটিতে অনেক সুন্দরভাবে এবং সবার অংশগ্রহণে হবে। এই অনুষ্ঠানে আমাদের সবার সহযোগিতা থাকবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা মাদক নিয়ন্ত্রণে কাজ করছেন। আপনাদের লোকবল কম। এ ক্ষেত্রে আপনাদের অভিযান করতে গেলে পুলিশের সহযোগিতা লাগলে আমাকে বলবেন, আমরা আপনাকে সহযোগিতা করবো। পুলিশের কাছে যেমন তথ্য থাকে আপনাদের কাছে তথ্য থাকে। আমি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে মাদক নিয়ন্ত্রণে কাজ করা যেমন নৈতিক দায়িত্ব, তেমিন আপনাদেরও দায়িত্ব রয়েছে। কারণ মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে যুবসমাজ রক্ষা করা সম্ভব হবে না।
হাইমচর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আগামি ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা নির্বাচন। এই উপজেলা নদীবিধৌত চরাঞ্চল এলাকা। এখানে ৩১টি ভোট কেন্দ্রে। এর মধ্যে ৯টি কেন্দ্র রয়েছে সড়ক পথে যোগাযোগ নেই, নদী পথে যেতে হয়। সেখানে নৌকা দিয়ে যেতে হয়, নৌকা ব্যবহার করতে হবে। আর ৯টি কেন্দ্রের সম্পর্কে অবহিত হওয়ার জন্য আমরা গত ১ মাসে খোঁজ খবর নিয়েছি। কোন সেন্টার থানা থেকে কতদূরে এবং অবস্থা আমাদের নখদর্পনে। হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা রয়েছে এবং আমাদের মোবাইল টিমসহ যেখানে যে ধরনের ব্যবস্থা দরকার সেটি করা হয়েছে। আশা করি, হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বক্তব্যে বলেন, চাঁদপুরের আইন-শৃঙ্খলা অবস্থা অনেক ভাল রয়েছে। আমরা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে সব সময় প্রশাসনের সব ভালো উদ্যোগে সহযোগিতা করে আসছি। সমাজের কোন অন্যায় কাজে কিংবা অপরাধীর বিষয়ে আমরা প্রশাসনকে অনুরোধ করি না।
সভায় চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিমের মৃত্যুতে মেয়র শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মেয়র বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্বোধন হবে। অনুষ্ঠানে পৌরসভাসহ জেলা আওয়ামী লীগ সার্বিক সহযোগিতায় থাকবে। এছাড়াও আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী আমরা পালন করবো। কারণ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তাঁর জন্মশতবার্ষিকীতে আমাদের সরকারি ও অন্যান্য সেক্টর এ বছর ৩ গুণ উদ্যোমী হয়ে কাজ করতে হবে। তাহলেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন হবে।
শহরের ঈদগাঁ সংলগ্ন এলাকায় যারা অবৈধভাবে গাড়ি পার্কিং করে রড, সিমেন্ট এর ব্যবসা করে, তাদের চিরতরে উচ্ছেদ করা দরকার। প্রশাসন উদ্যোগ নিয়ে পৌরসভার পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করবো।
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে মেয়র বলেন, হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দল থেকে বর্তমান চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীকে নৌকার প্রার্থী দেয়া হয়েছে। কিন্তু সেখানে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যার কারণে সেখানে একটি হট্টগোল সৃষ্টি হয়েছে। এগুলো তিনিই সৃষ্টি করেছেন। আপনারা আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়গুলো দেখবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বক্তব্যে বলেন, আজ আমাদের জন্য আনন্দের দিন। কারণ এই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়েছেন। এই দিনে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহশত নসিব করেন।
তিনি বলেন, ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সফল স্বার্থক করার জন্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। কারণ যার নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এবং আজকে আমরা উন্নত দেশে পরিণত হয়েছি।
মাদক সম্পর্কে তিনি বলেন, মাদকের বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগ থেকে আমরা কেউ কোন সময় প্রশাসনকে সুপারিশ কিংবা তদ্বির করি না। হ্যাঁ আমরা তদ্বির করি যেটা ন্যয় ভিত্তিক সেসব বিষয়ে তদ্বির করি।
হাইমচর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে কোন ধরণের বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য আমরা পূর্ব থেকেই দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি। সে জন্য এখনো নির্বাচনী অবস্থা ভালো রয়েছে। তবে আমাদের কাছে তথ্য আছে নির্বাচনের সময় উপজেলার সীমান্ত এলাকা ফরিদগঞ্জ ও নদীর পশ্চিম পাড়ের ইউনিয়নে শরীয়তপুর থেকে কিছু লোকজন প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। প্রশাসন বিষয়টি নজর দিবেন। আর বৃহস্পতিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা হাইমচর উপজেলায় যাব। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবেন।
সভায় আরো বক্তব্য রাখেন এনএসআই চাঁদপুর জেলার যুগ্ম পরিচালক মো. আজিজুল হক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, হাসপাতালের তত্ত্বাবধায়কের পক্ষে ডা. একেএম মাহাবুবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুছ, মতলব দক্ষিন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম গিয়াস উদ্দিন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত, জেল সুপার মো. মাঈনুদ্দিন ভূঁইয়া, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাদেজা বেগম, পল্লী বিদ্যুৎ সমিতি-২ জোনাল ম্যানেজার শফিক মো. ইব্রাহীম, কোস্টগার্ড চাঁদপুরের সহকারী কমান্ডার ইয়াছিন, বিআইডব্লিউটি’র উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-পরিচালক মো. ফরিদ আহম্মেদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমা শরীফ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. মজিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে প্রোগ্রাম অফিসার সাজিয়া আমরিন, পিজিসি সহকারী প্রকৌশলী নাছির জুবায়ের ইসলাম, কাস্টমস এণ্ড ভ্যাট চাঁদপুর অফিসের সহকারী কমিশনার মো. ফখরুদ্দিন প্রমুখ।
