হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন


সাহেদ হোসেন দিপু
দীর্ঘ প্রতীক্ষার পর আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলার ৩টি কেন্দ্রের ২শ’টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ৮০ হাজার ২৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। এই প্রথম ইলেক্ট্রিক মেশিন-ইভিএমে হবে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন।
গতকাল রোববার বেলা ১০টা থেকেই উপজেলা নির্বাচন কার্যালয় হতে ভোটগ্রহণের মালামাল ও সারঞ্জামাদি নিয়ে ৩১টি কেন্দ্রের ৩১ জন প্রিজাইডিং অফিসার, ২০০জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪০০ জন পোলিং অফিসার নিয়োগ দিয়ে কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব-বিজিবির সদস্যরা ইতোমধ্যে প্রতিটি কেন্দ্র এবং তার আশেপাশে পাহারা দিতে দেখা গেছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী নৌকা, বিএনপি মনোনীত উপজেলা বিএনপি নেতা ইসাহাক খোকন ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী মোতালেব জমাদার আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাইক প্রতীকে উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জিএম ফজলুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত হাঁস প্রতীকে শাহনাজ বেগম ও বিএনপি মনোনীত ফাতেমা বেগম ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম তালা প্রতীকে, খোরশেদ আলম উড়োজাহাজ প্রতীকে, ওয়াসীম পাটওয়ারী চশমা প্রতীক, খোকা মিয়া টিয়া পাখি প্রতীক, তোফাজ্জল মিয়া বাল্ব ও কাশেম বই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
হাইমচর উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। পুরুষ ভোটার ৪১,৪১৭ ও নারী ভোটার ৩৮,৮১৭। মোট ৮০ হাজার ২শ’ ৩৪। ইতোপূর্বে সব প্রার্থীরাই বেশ জোরেশোরে প্রচারণা চালিয়েছেন।
আজকের ভোটে কে হচ্ছেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান- তা দেখার অপেক্ষায় রয়েছেন পুরো হাইমচরবাসী।