চাঁদপুর লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে শৌচকর্ম

দুর্গন্ধে পাশ দিয়ে হাটা-চলা দুষ্কর

স্টাফ রিপোর্টার
কথায় আছে ‘চোখ থাকিতে অন্ধ’। অন্ধের মতো চাঁদপুর শহরের নতুন বাজার-পুরাণবাজার ব্রিজের অভিমুখে জনসচেতনতার অভাবে দূষিত হচ্ছে একটি উচ্চ বিদ্যালয় এবং পোস্ট অফিসের সামনের পরিবেশ। যেখানে সড়কের পাশে খোলা পরিবেশে প্রতিনিয়তই সাধারণ মানুষজন প্রস্রাব করে পরিবেশ দূষণ করে যাচ্ছে। সাধারণ মানুষজন এমন খোলা জায়গায় প্রস্রাব করার ফলে একদিকে যেমন নোংরা হচ্ছে শহরের সুন্দর পরিবেশ অন্যদিকে দূষিত হচ্ছে চাঁদপুর জেলার প্রধান ডাকঘর এবং লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের পরিবেশ।
দীর্ঘ কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে যে, চাঁদপুর শহরের পালবাজার গেটের অভিমুখে পৌর সুপার মার্কেট সংলগ্ন পোস্ট অফিসের সামনের সড়কের পাশে লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল লাগোয়া ড্রেনের স্লাবের উপরে প্রতিদিন শহরের মানুষজন প্রস্রাব করে। শুধু তাই নয় এর পাশাপাশি পালবাজার ব্যবসায়ীদের বিভিন্ন ময়লা-আবর্জনাও সেখানে ফেলতে দেখা যায়। যার কারণে, ময়লা-আবর্জনার পঁচা দুর্গন্ধ ছড়িয়ে যেমন পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে একইভাবে প্রস্রাবের দুর্গন্ধে পথচারী এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নাক ঢেকে চলাচল করতে হচ্ছে।
সরজমিনে দেখা যায়, পরিবেশ দূষণ মুক্ত রাখতে ওইস্থানে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ বড় অক্ষরে ‘প্রস্রাব করা ও ময়লা-আবর্জনা ফেলা নিষেধ’ লিখে বেশ কয়েকটি ব্যানার সাঁটিয়ে রেখেছেন। কিন্তু জনসচেতনতার অভাবে কোন কাজেই আসছে না সেই ব্যানারের লেখা। ওইস্থানে লেখা দেখেও সেখানেই প্রতিনিয়ত শত, শত মানুষ প্রস্রাব করে এবং ব্যবসায়ীদের পঁচা, দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা সেখানে ফেলে রাখেন। সেজন্য লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ চরম দুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী।
আর শহরের প্রধান সড়কের পাশে এমন দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারে ব্রিজের গোড়ার আশে-পাশে একটি পাবলিক টয়লেট। এমনটাই মন্তব্য করেন স্থানীয় ব্যবসায়ী, যানবাহন চালক ও যাত্রীরা।
স্থানীয় ব্যবসায়ী ফারুক বেপারী, আনোয়ার হোসেন, ফয়সাল, হারুন, সিএনজি চালক হিরন, মাসুদ, নয়নসহ বেশ ক’জন জানান, পালবাজার ব্রিজের গোড়ায় সিএনজি স্কুটারে করে জেলার বিভিন্ন স্থান থেকে অনেক যাত্রী আসা-যাওয়া করে। এখানে আশেপাশে কোন পাবলিক টয়লেট না থাকার কারণে দেখা যায় অনেকেই বাধ্য হয়ে সড়কের পাশে ড্রেনে প্রস্রাব করে থাকেন।
তারা আরো জানান, যদিও পালবাজার এবং মার্বেটের ভেতর টয়লেট রয়েছে কিন্তু অনেক সাধারণ মানুষ সেটি না জানায় এখানেই প্রতিদিন প্রস্রাব করে শহরের সৌন্দর্য এবং পরিবেশ নষ্ট করছে। তাদের দাবি পৌর কর্তৃপক্ষ যদি ব্রিজের গোড়ার পাশে একটি পাবলিক টয়লেট নির্মাণ করেন তাহলে হয়তো আস্তে-আস্তে মানুষ সেখানেই প্রয়োজনীয় কাজ সারতে অভ্যস্ত হতো। তখন হয়তো কোন মানুষ সড়কের পাশে প্রস্রাব-পায়খানা করে পরিবেশ দূষিত করতো না।
জনসচেতনতার অভাবে প্রতিদিন ওই স্থানে প্রস্রাব করার কারণে পোস্ট অফিস এবং বিদ্যালয়ের সামনের স্থানটি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তাই এ দু’টি প্রতিষ্ঠানের সামনের সৌন্দর্য এবং পরিবেশ রক্ষা করতে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ তার আশে-পাশে পাবলিক টয়লেট নির্মাণ করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।