শৃংখলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার ৩৯নং দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে অসদাচরণ ও শৃংখলা ভঙ্গের অভিযোগে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।
৭নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল মাস্টারকে অপমান ও লাঞ্ছনার অভিযোগ এবং সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস চাঁদপুরের স্মারক নং ডিপিইও/চাঁদ/ জেলা শিক্ষা অফিসার সাহাব উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে জানাযায়, সহকারি শিক্ষক নাছির উদ্দিনকে সরকারি কর্মচারি (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (বি) অনুযায়ী অসাধাচারণের অভিযোগে অভিযুক্ত করা হয়। একই বিধিমালার বিধি ১১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্ত হবেন বলে উল্লেখ রয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জমান লুলু জানান, ৭নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনকে অপমান, লাঞ্ছনা ও আমার বিরুদ্ধে ফেসবুকে বিরুপ মন্তব্য করায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় তাকে জেলা শিক্ষা অফিসার সাময়িকভাবে বরখাস্ত করেছেন।
প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, সহকারী শিক্ষক নাছির উদ্দিন উপজেলা শিক্ষা অফিসে অফিসারদের সামনে আমাকে অপমান ও লাঞ্ছনা করে মারমুখি হয়ে উঠেন। আমি হাইমচর থানায় এবং জেলা শিক্ষা অফিসে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। জেলা শিক্ষা অফিসার তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে অভিযুক্ত নাছির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
