
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থী সমাবেশে সংজ্ঞাহীন (জ্ঞান হারিয়ে) হয়ে শিরিন আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে এ ঘটনা ঘটে। নিহত শিরিন উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে। সে ওই বিদ্যালয়ে ১০ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো আজকে (বুধবার) সকালেও বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে দশম শ্রেণির ছাত্রী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কমন রুমে নিয়ে স্থানীয় চিকিৎসককে ডাকা হয়। পরে ওই চিকিৎসকের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার থানা হেফাজতে নিয়ে আসে। পরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে যান। তিনি হাসপাতালের চিকিৎসক ও বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
শিরিনের মা জোৎস্না বেগম জানান, শিরিনের অসুস্থতার কথা শুনে বিদ্যালয়ে ছুটে যাই। পরে হাসপাতলে গিয়ে দেখি আমার মা (শিরিন) বেঁচে নেই। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, শিরিন প্রাইভেট পড়ার জন্য সকাল ৭টায় ঘর থেকে বের হয়ে যায়। আজ সে কিছু না খেয়ে বের হয়েছে। যার ফলে আমি তাকে কিছু (নাস্তা) খাওয়ার জন্য ২০ টাকা দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক চিকিৎসক ইফফাত রুবাইয়া জানান, হাসপাতালে আনার আগেই শিরিন নামক ছাত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
