সাহেদ হোসেন দিপু
মুজিববর্ষ উপলক্ষে হাইমচর উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার মধ্যচর চেয়ারম্যান বাজারে ফ্রি মোবাইল মেডিকেল
ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। মঙ্গলবার (২ মার্চ) উপজেলার নীলকমল ইউনিয়নের মধ্যচরের চেয়ারম্যান বাজারে সকাল ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসময় ডা. মো. মামুন রায়হান, ডা. রাশেদ মোহাম্মদ, ডা. তাহসিন নিব্রাস চৌধুরী, ডা. এমএম কায়ছার, ডা. নাজমা আহমেদ, ডা. আফসানা জুই, ডা. আব্দুল আল মামুন, মেডিকেল সহকারি মো. সোহরাব হোসেন, মাসুদুর রহমানসহ ১০ জন চিকিৎসক প্রায় এক হাজার লোককে চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসা প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মুজিববর্ষকে অধিকতর স্মরণীয় রাখতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা রুটিন ওয়ার্কের পাশাপাশি জনগণকে অতিরিক্ত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে হাইমচরের দুর্গম এলাকা মধ্যচরের চেয়ারম্যান বাজারে ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় সহস্রাধিক লোককে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। আসামি সপ্তাহে হাইমচরে আরো বেশ কটি মোবাইল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
মোবাইল মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন নীলকমল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদারসহ হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
০৩ মার্চ, ২০২১।
