মোহাম্মদ হাবীব উল্যাহ্
বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজিসহ হাজীগঞ্জের ২ জন ও কুমিল্লার ১ জনসহ তিন চোরাকারবারিকে আটক করেছে র্যাব। গত সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলার লাকসাম থানার নগরীপাড়া এলাকা থেকে তাদের আতশবাজিসহ হাতেনাতে আটক করে র্যাবের একটি আভিযানিক দল। বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন র্যাব- ১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আটকরা হলেন- হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হুমায়ুন কবির (৪৯) এবং কুমিল্লা জেলার বরুড়া থানার খাজুরগাও গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩২)। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি স্কুটার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত সোমবার দুপুরে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন নগরীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১ লাখ ১২ হাজার ১শ’ ৫০পিস ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
প্রাথমিক অনুসন্ধান ও আটক চোরাকারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ভারত থেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসামগ্রী বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
১৩ এপ্রিল, ২০২৩।
