হাজীগঞ্জের শিক্ষাতথ্য মিলবে ‘ইএমএএইচ’ নামক মোবাইল এ্যাপসে

একাডেমিক সুপাভাইজার সুনির্মল দেউরীর উদ্ভাবন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
তথ্যপ্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে মানুষ ঘরে বসেই অনেক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করছেন। আবার প্রাতিষ্ঠানিক থেকে শুরু করে ব্যক্তিগতভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আর তা সম্ভব হয়েছে সরকারের নানান উদ্যোগের পাশাপাশি তরুণদের নানা উদ্যোগ আর প্রচেষ্টায়। তাঁদের হাত ধরেই দেশে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। এতে বিভিন্ন সেবা দ্রুত সহজীকরণ হয়েছে ও হচ্ছে।
এমন এক উদ্যোগ ও প্রচেষ্টার ফলে একটি উপজেলার সব শিক্ষা তথ্য পৌঁছে যাবে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে। আর তা হলো ‘এডুকেশন ম্যানেজম্যান্ট এ্যাপ হাজীগঞ্জ’ সংক্ষেপে ইএমএএইচ নামক একটি মোবাইল এ্যাপস। এটি উদ্বাবন করেছেন হাজীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী। আগামি ২৬ মার্চ থেকে এ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।
সুনির্মল দেউরী জানান, এই এ্যাপসে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, কলেজ, মাদরাসার সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল- শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, যাতায়াতের নির্দেশনাবলী, ওয়েবসাইট লিংক, মেইল, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং কমিটির পূর্ণাঙ্গ পরিচিতি, স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষকদের ফোন নম্বর ও পরিচিতিসহ বিস্তারিত তথ্য।
এছাড়া সর্বশেষ পাবলিক পরীক্ষার ফলাফল, উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের বিস্তারিত তথ্য, স্থানীয় সরকার, জেলা শিক্ষা অফিস, জেলা প্রশাসক, মাউশি কুমিল্লা অঞ্চলের বিস্তারিত বর্ণনাসহ বিভিন্ন বিষয় তুলে আনা হয়েছে এ্যাপসটিতে। অর্থাৎ এই এ্যাপসের মাধ্যমে উপজেলার সব শিক্ষামূলক তথ্য পাওয়া যাবে। যা সময়ের সাথে সাথে তথ্য পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন হবে।
সুনির্মল দেউরী ঢাকা বিশ^বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি নিয়মিত লেখালেখির সাথে জড়িত। এ পর্যন্ত তিনি দুইটি কবিতার বই প্রকাশিত করেছেন। এর মধ্যে ‘কবিতার জলছাপ’ নামক তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থটি চলতি অমর একুশে বই মেলার প্রিয় বাংলার স্টলে (নং- ৫৯৭, ৫৯৮) পাওয়া যাচ্ছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থটির নাম ‘যাপিত জীবনের কাব্যকথা’।
সুনির্মল দেউরী নিয়মিত বিভিন্ন সরকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন। তিনি এক সন্তানের জনক। তাঁর স্ত্রী একজন স্কুল শিক্ষক। তিনি বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। তিনি ২০১৮ সালের জুন মাসে হাজীগঞ্জে যোগদান করেন। চাকরির পাশাপাশি তিনি অবসর সময়ে সৃজনশীল কাজে নিয়োজিত থাকেন। উপজেলার অধিকাংশ অনুষ্ঠানগুলোর তাঁর সঞ্চালনা সবার নজর কাড়ে।
এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর বিচরণ লক্ষনীয়। তাঁর অসংখ্য লিখা স্থানীয় দৈনিক পত্রিকাসমূহ ও অনলাইনে নিয়মিত ছাপা হচ্ছে। আবৃত্তিশিল্পী হিসেবেও সুনাম কুড়ানো সরকারি এই কর্মকর্তা। চাঁদপুর জেলা সরকারি গন্থাগারের বিভিন্ন বিষয়ে রচনা লিখে বহু পুরস্কার ও সনদ পেয়েছেন। শীঘ্রই তাঁর একক গল্প ও কবিতার প্রন্থ প্রকাশ পাবে।
এক প্রতিক্রিয়ায় সুনির্মল দেউরী জানান, আমার এ্যাপসটি ব্যবহার করে হাজীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোসহ শিক্ষার্থীরা উপকৃত হবে। হাতের মুঠোয় শিক্ষাতথ্য নিয়ে আসা এ্যাপটি আসছে ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে গুগল প্লে-স্টোরে আপলোড করার জন্য কাজ চলমান রয়েছে। এছাড়া নিয়মিত ওয়েবসাইটের মাধ্যমে হাজীগঞ্জসহ পুরো দেশের মানুষকে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কিত পরামর্শ পাবেন।
উল্লেখ্য, দেশের প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এ উন্মুক্ত গ্রুপে এ্যাপের এই উদ্ভাবনটি উপজেলা পর্যায়ে প্রথম ও সেরা এবং জেলা পর্যায়ে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে শিক্ষা প্রশাসনে এমএড ডিগ্রিধারী এই কর্মকর্তা স্কাউট ইউনিট লিডার হিসেবে হাজীগঞ্জে স্কাউট আন্দেলন প্রসারেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন কারিকুলাম বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাঁর গৃহীত সব কাজে হাজীগঞ্জের শিক্ষা পরিবার উপকৃত হচ্ছে ও আসছে দিনগুলোতে উপকৃত হবে।

১৬ ফেব্রুয়ারি, ২০২৩।