হাজীগঞ্জের সেই এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পুলিশি হেফাজত থেকে ডাকাতি ও মাদকসহ ২০ মামলার আসামি মো. জাকির হোসেনকে (৩৮) ছিনিয়ে নেওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে তাকে শোকজ করা হয়েছে বলে রোববার সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়।
এর আগে গত শুক্রবার সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা পূর্ব বাজারস্থ জামে মসজিদ মাঠে একটি জানাযা থেকে জাকির হোসেনকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। জাকির হোসেন ওই ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনায় ১৩ জনকে নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে। ইতোমধ্যে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
উল্লেখ্য, ওই ইউনিয়নের অপর এক মাদক বিক্রেতা ও সিএনজিচালিত স্কুটার চালক বাকিলা গ্রামের আ. মজিদের ছেলে মনির হোসেন বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জানাযা পরের দিন শুক্রবার সকালে বাকিলা পূর্ব বাজারস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাযা শুরুর পূর্ব মুহূর্তে মসজিদ মাঠ থেকে এলাকার চিহ্নিত মাদক মামলার আসামি জাকির হোসেনকে আটক করে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন। এ সময় জাকির হোসেনের পক্ষ নিয়ে উপস্থিত কয়েকজন মুসল্লি তাকে জানাযা অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য জোর দাবি জানায়।
পুলিশ ধর্মীয় দিক বিবেচনা করে এবং উপস্থিত মুসল্লিদের কথায় হাতকড়া পড়া অবস্থায় আসামি জাকির হোসেনকে জানাজার সুযোগ করে দেবার সাথে সাথে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধরার চেষ্টা করলে তার সহযোগী বেশ কয়েকজন পুলিশের উপর হামলা করে। এসময় জাকির হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যায়।

০৭ ফেব্রুয়ারি, ২০২২।