হাজীগঞ্জে অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্টের উদ্বোধন

সুস্থ থাকতে হলে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে
………ইউএনও বৈশাখী বড়ুয়া
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে তেলবিহীন খাবার হোটেল (অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্ট) নামে একটি আধুনিক মানের খাবার হোটেলের পথচলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে হাজীগঞ্জ টাওয়ারের দ্বিতীয় তলায় অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্ট নামের হোটেলটি উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে বৈশাখী বড়ুয়া বলেন, আমরা সবাই হোটেল বা রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবারে স্বাদ খুঁজি। কিন্তু খাবারে স্বাদ আনতে হলে তেলসহ বিভিন্ন মসলা আর ক্যামিকেলের ব্যবহার করতে হয়। তাছাড়া তেল খেয়ে আমরাও অভ্যস্ত। প্রকৃতপক্ষে এই তেল এবং ক্যামিকেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, আমাদের সুস্থ থাকতে হলে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। আমরা যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই তেল ছাড়া খাবার খাবেন। হোটেল ব্যবস্থাপনায় হাজীগঞ্জের সুনাম সর্বত্র রয়েছে উল্লেখ করে বৈশাখী বড়ুয়া বলেন, আমি আশা করবো, হাজীগঞ্জের প্রতিটি হোটেলে স্বাভাবিক খাবারের পাশাপাশি অয়েল ফ্রি খাবারের কর্নার স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মজুমদার। অনুষ্ঠানে তেল ছাড়া খাবার গ্রহণসহ অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্টের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আহমাদ আলী পাটওয়ারী ওয়াকফ্ এস্টেট এবং হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ড. আলমগীর কবির পাটোয়ারী।
এ সময় আরো বক্তব্য রাখেন অয়েল ফ্রি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের নায়েবে মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহম্মেদ, ব্যারিস্টার শাহরিয়ার আহম্মেদ প্রমুখ।
বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক এস.এম চিশতী।
উল্লেখ্য, এই হোটেলে সব ধরনের খাবার তেল ছাড়া রান্না করা হবে। এছাড়া ফরমালিন/রাসায়নিক মুক্ত মাছ-মাংস, শাক-সবজির ব্যবহার নিশ্চিত করা হবে এবং ফিল্টারের মাধ্যমে পরিশোধিত বিশুদ্ধ পানি দিয়ে সব ধরনের খাবার রান্না করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
০১ নভেম্বর, ২০২০।