হাজীগঞ্জে আগুনে মাথা গোঁজার ঠাঁই হারালো বাদাম বিক্রেতা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে রুহুল আমিন (৫০) নামের এক দরিদ্র বাদাম বিক্রেতার বসতঘর আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চোঁ গ্রামের মুন্সী বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির বাসিন্দা।
আগুনে রুহুল আমিনের বসতঘর ও ঘরে থাকা মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। এদিকে মুঠোফোনে ক্ষতিগ্রস্ত রুহুল আমিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
জানা গেছে, এ দিন সকালে রুহুল আমিনের বসতঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা আগুন নিভোনোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততোক্ষণে বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।
আগুনের বিষয়টি সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমকে জানান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এরপর ক্ষতিগ্রস্ত রুহুল আমিনের সাথে মুঠোফোনে কথা বলেন মেজর রফিক। তিনি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
২৫ আগস্ট, ২০২০।