মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে চারটি দোকানঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা খালপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- সালাহউদ্দিন স্টোরের স্বত্বাধিকারী সালাহউদ্দিন মেছু, মহিন স্টোরের স্বত্বাধিকারী মো. মহিন উদ্দিন, মিজান স্টোরের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান এবং সৃষ্টি হেয়ার কার্টিংয়ের স্বত্বাধিকারী সন্তোষ শীল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাত ১১টার মধ্যেই বাজারের সব দোকানঘর বন্ধ হয়ে যায়। ঐ রাতেও (রোববার) দোকানঘর বন্ধ করে যাওয়ার পর স্থানীয়রা সালাউদ্দিন স্টোর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোহিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততোক্ষণে চারটি দোকানঘর ও দোকানে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।
২৯ সেপ্টেম্বর, ২০২০।
